Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

26 May 2021

পাসপোর্ট থেকে ইসরাইল বাদ কেন?

অতি সম্প্রতি হামলায় গাজা ভূখণ্ডে প্রায় দুই হাজার হাউজিং ইউনিট, ৭৪টি সরকারি ভবন, ৩টি মজসিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এছাড়াও ১৬৮০০ হাউজিং ইউনিট, ৬৬টি স্কুল, ৪০টি মসজিদ আংশিক ধসে গেছে তাদের বোমার আঘাতে। সেখানকার পুলিশ হেড কোয়ার্টারও ধ্বংস হয়ে গেছে। ১৩ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মিডিয়া ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। ইন্টারনেট সেবাদানকারী বহুতল ভবনটি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরাইল। গাজা ভূখণ্ডে বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে এক লাখ ২০ হাজার মানুষ।


অন্যদিকে ২৫৯ জন নিরীহ মানুষকে হত্যা করেছে। যাদের ৬৫ জন শিশু, ৩৯ জন নারী এবং ১৭ জন বয়স্ক মানুষ। সমূলে শেষ করে দেওয়া হয়েছে বহু পরিবারকে। আট হাজার লোক আহত হয়েছেন। হাসপাতালগুলো পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। ইলেকট্রিক পাওয়ার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরাইলের সাম্প্রতিক ধংসযজ্ঞে সাবেক এক ইসরাইলি সেনা কর্মকর্তা কোনো রাখঢাক ছাড়া স্পষ্টই বলেছেন যে, ইসরাইলের সরকার, তার সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তারা যুদ্ধাপরাধী। তাদের এই অপরাধের বিচার হওয়া উচিত।

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এখন শুধু মুসলিমরাই নন, মানবতাবাদী ভিন্ন ধর্মের মানুষেরাও সরব। ইসরাইলি সাম্প্রতিক ধংসযজ্ঞের খবরে যখন সারাবিশ্বব্যপী নিন্দার ঝড় উঠেছে, তখন হঠাত করে আমাদের পত্রিকায় খবর আসে যে, বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি আর লেখা থাকছে না। ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। ইসরাইল এই অপ্রত্যাশিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইসরাইলের জন্য খবরটি অপ্রত্যাশিত, সুখকর এবং চমকপ্রদই বটে!

ফিলিস্তিনে তান্ডবলীলা চালানোর এই সময়ে একটি মুসলিম দেশ তাদের সাথে সুসম্পর্ক তৈরী করতে আগ্রহী! ঠিক কি কারনে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে তা বোধগম্য নয়। সরকারের উচিত তার অবস্থান সবার সামনে স্পষ্ট করা। ''আন্তর্জাতিক মানদন্ড বজার রাখার উদ্দেশ্যে '' জাতীয় বায়বীয় বক্তব্য গ্রহণযোগ্য কথা নয়। এসব বক্তব্য না দিয়ে, সরাসরি বক্তব্য দেয়া দরকার ইসরাইল ভ্রমনে নিশেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ে।

17 May 2021

ইজরায়েলের নিষ্ঠুর হাত থেকে মুক্ত হোক ফিলিস্তিন

দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকেই যে রক্তাক্ত নিষ্ঠুর ক্ষমার অযোগ্য এক অন্যায় এতকাল ধরে চাপিয়ে দেয়া হয়েছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর সেই কালো অধ্যায় শেষ হোক। এটা হতেই হবে এবং একদিন এটা হবেই। জানি আরও অনেক রক্ত ঝরবে, আরও অনেক যুগ হয়তো এভাবেই কেটে যাবে তবুও প্রতিরোধ চলবে, লড়ে যাবে ফিলিস্তিনিরা। 


এখানে কোনও ধর্ম বর্ণের ব্যাপার নেই। আছে মহাস্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী এক দেশের অজস্র নিষ্ঠুরতার শিকার এক জাতির লড়ে যাওয়ার কাহিনী। আশা করি একদিন ঐ ফ্যাসিস্ট ইজরায়েলের পতন হবেই। বিশ্বাস করি একদিন স্বাধীন ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠা হবেই। একদিন ইজরায়েলের ভয়াল নিষ্ঠুর হাত থেকে ফিলিস্তিন মুক্ত হবেই।

22 December 2020

আবিরনদের বাঁচাতে হবে, দাঁড়াতে হবে তাদের পাশে

এক নিরন্তর মৃত্যুর স্রোতধারায় সৌদিআরবে কর্মরত আমাদের গৃহকর্মীরা৷ আমরা কোন চাপই তৈরি করতে পারছি না৷ কোন মৃত্যুরই বিচার শেষ পর্যন্ত হয় নি৷ এ এক অবিশ্বাস্য ক্রনিক হত্যাকাণ্ড যা যৌন হয়রাণির পরবর্তীতে সংঘটিত হয়৷ আরবরা দক্ষিণ এশিয়ার মুসলিমদের এমনিতেই মিসকিন জ্ঞান করে৷ তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গৃহকর্মীদের আজো দাসী মনে করে যৌনসম্ভোগ করে৷ তাদের বিরুদ্ধে বিপুল আন্দোলন গড়ে তুলে বিশ্ববাসীর দৃষ্টিতে আনতে পারলে এবং সৌদি নাগরিকদের দেশের বাইরে পেলেই বিচারের আওতায় আনা গেলেই হয়তো আবিরনরা বাঁচতে পারতো৷ আমাদের রাষ্ট্র আমাদের মায়েদের রক্ষায় সচেতন নয়৷ কোন সতর্কতা অবলম্বন করছে না৷ দায়িত্বহীন ও অপেশাদার আচরণের কারণেই শয়ে শয়ে মা-বোন লাশ হয়ে দেশে ফিরে আসে৷ চাপের মুখে সৌদি আদালত দুঃখপ্রকাশ করলেও তাদের ন্যায় বিচার করার কোন নজির নেই৷ আবিরনকে এ বছরই হত্যা করা হয় নির্মম নির্যাতন করে।


দারিদ্রতা থেকে মুক্তির জন্য আমাদের মা-বোনেরা পাড়ি জমায় আরব দেশে। দরিদ্র মানুষদের কাছে অনেক খবর থাকে না। তাদের প্রতারকগণ বুঝিয়ে বলে, ওখানে পা রাখাও ভাগ্যের ব্যাপার। হজ্ব করতে পারলে সব গুণাহ মাফ। দরিদ্র নারীরা কোথাও কবে কোন ভুল ত্রুটি করেছে তার জন্য মুক্তি পেতে হজ্বের বাসনাও তৈরি হয়। হায়! সেতো জানে না, এখন পৃথিবীর সবচেয়ে বর্বরদের বাস কোথায়? পৃথিবীর সবচেয়ে নারীলোভী কারা? কারা শিক্ষাবিহনী, জ্ঞানচর্চাবিহীন দানব? কারা কর্মবিমুখ ও যৌন তাড়িত অমানুষ? সেখানে গিয়েই টের পায়- তারা এসে পড়েছে সাক্ষাৎ দোজখে। দোজখের দানবরা কিলবিল করে তাকে খেতে চায়, ঠকাতে চায়, নিরন্ন রাখতে চায়।

অনেকেই বলে মেয়েরা সৌদী আরব যায় কেন? যায় তো দারিদ্রতা থেকে মুক্তির জন্যই। তাদের রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যেহেতু দরিদ্র নারীদের সকলের জন্য ভূমিকা রাখতে পারে না তাই সুযোগ করে দেয় সৌদি আরব যেতে। একারণেই তাদের রক্ষা করার দায়িত্বও রাষ্ট্রেরই। রাষ্ট্রকেই প্রতিবাদ জানাতে হবে। বিষয়টি তুলে ধরতে হবে আন্তর্জাতিক অঙ্গনে। ওআইসি ও জাতিসংঘকে জানাতে হবে। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকেও সোচ্চার হতে হবে। সৌদির নারগরিদের বর্বরতার বিচার করতে হবে। হাজার হাজার নারীকে তারা অনবরত ধর্ষণ করবে তা মেনে নেয়া যায় না। আবিরনের জন্য সৌদি বিচার বিভাগ ক্ষমা চেয়েছে। হাজার হাজার আবিরনরা ধর্ষিতা হয়ে খুন হয়েছেন। তাদের জন্যও ক্ষমা চাইতে হবে। একই সাথে ধর্ষক-খুনিদের আনতে হবে বিচারের আওতায়।

14 December 2019

উগ্র মৌলবাদের পথে ভারত?

নরেন্দ্র মোদী বিয়ে করার পর তার স্ত্রী যশোদাবেনকে ফেলে রেখে কোথায় যেন চলে যায়। তারপর উগ্র হিন্দুত্ববাদের দর্শন নিয়ে রাজনীতিতে আসে। এই হল পৃথিবীর বৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত জীবন। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রামের অশিক্ষিত হিন্দুদের মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে ব্যাপক জনপ্রিয়তা পান যার ক্রমাগত বিবর্তনের বর্তমান রূপ- প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর আদর্শ আর বিশ্বাসকে মাটিচাপা দিয়ে দেশ শাসন করছেন মধ্যযুগীয় কায়দায়। তারই প্রমাণ দেখা যায় গো রক্ষা কমিটি সহ নানান ধরনের হিন্দু মৌলবাদী সংগঠনের মাথাচাড়া দিয়ে ওঠায় যার ওপর বিজেপি সরকারের প্রত্যক্ষ মদদ সুস্পষ্ট। এছাড়াও এনআরসি, নাগরিক আইন, অহিন্দুদের বিতাড়নসহ নানান ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েই যাচ্ছেন।

উগ্র মৌলবাদী চেতনা নিয়ে নরেন্দ্র মোদী উপমহাদেশকে ১৯৪৭ এর দিকে ঠেলে দিচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। একজন লাইফলেস আঁতেল এবং ধর্মীয় বিষে ভরা একজন মানুষ যখন একটা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সেখান থেকে এই জিনিসটা স্পষ্ট যে তথ্য প্রযুক্তির উন্নয়নের আড়ালে সে দেশে কি পরিমান মানুষ এখনো অন্ধকার আর কুসংস্কারে নিমজ্জিত।

বিজেপি সরকারের বর্তমান কাজ কর্ম দেখে এই জিনিসটা স্পষ্ট হয় যে বাংলাদেশ সরকারের সাথে ভারতের বর্তমান সরকারের কোন ধরনের আদর্শিক মিল নাই। আর বাংলাদেশ-ভারতের সাথে এখন যা চলতেছে তা আসলে বন্ধুত্ব নাকি অন্য কিছু তা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। বন্ধুত্বের দোহাই দিয়ে নানান ধরনের সুবিধা নেয় কিন্তু দেওয়ার বেলায় আমরা পাই শুধু আশ্বাস আর কথিত সম্মান।

আমার মনে হয় বাংলাদেশের এখনই সময় আবেগের যায়গা থেকে বের হয়ে নিজেদের স্বার্থের দিক ভাবা। রেডিক্যাল মুসলিম রাষ্ট্র পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি এখন রেডিক্যাল হিন্দু রাষ্ট্র ভারতের লোলুপ দৃষ্টি থেকে বেরিয়ে আসতে হবে। আর এনআরসি নিয়ে বাংলাদেশের উদ্বেগের যথেষ্ট কারন আছে এবং উদ্বেগ কমানোর উদ্যোগ ভারতকেই নিতে হবে। আভ্যন্তরীণ বিষয় বলে বলদ বানানোর সুযোগ নাই। সম্প্রতি চালু হলো কথিত নাগরিকত্ব আইন যা সাম্প্রদায়িক বিষবাস্পে নতুন মাত্রা দিচ্ছে।

15 October 2019

কেনো সীমান্তে বারবার বাংলাদেশের মানুষই মরে?

আমি আমার এই ছোট্ট জীবনে এখনো পর্যন্ত ভুলেও কখনো শুনি নাই যে সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় কোনো নাগরিক মারা গেছে। এটাই স্বাভাবিক কারণ সীমান্তে বেসামরিক মানুষ হত্যা করার যৌক্তিকতা থাকতে পারেনা। তারপরও সীমান্তে বেসামরিক মানুষ মরে এবং তাদের প্রত্যেকেই বাংলাদেশী। সব সময় যেটা দেখছি বা শুনছি তা হলো সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মারা গেছে। কখনো বা শুনেছি বাংলাদেশের মানুষ ধরে নিয়ে গেছে বিএসএফ। মাঝে মাঝে আবার এই মানুষগুলোকে মেরে সীমান্তের কাঁটা তারে ঝুলিয়ে রেখেছে!

এখানে অনেকে বলেছেন কিংবা বলবেন, ভালো হয়েছে, যায় কেন অবৈধ পথে? কে বলেছে চুরি করে গরুর ব্যবসা করতে? মানলাম অবৈধ পথে গরু আনছে। আচ্ছা বাংলাদেশীরা গরুটা কি সরাসরি ভারতের গোয়াল ঘর থেকে চুরি করে আনে? নাকি সেখানের ভারতীয় দালালের মাধ্যমে আনে? নিশ্চয়ই বলবেন ভারতীয় দালালের মাধ্যমে আনে। তাহলে কোনদিন কেনো শুনি নাই যে চোরা পথে বাংলাদেশে গরু পাচার করার কারনে বিএসএফ বা বিজিবির গুলিতে ভারতীয় নাগরিক নিহত? কেনো বারবার বাংলাদেশের মানুষকেই মারতে হবে? 

সীমান্তে অবৈধ চুরাচালান নতুন কোন বিষয় না। আর এটা শুধু আমাদের সীমান্তেই হয়না। সারা বিশ্বেই হয়, কম অথবা বেশি। কিন্তু তার জন্য কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনীই এই চুরাচালানিদের প্রাণে মেরে ফেলেনা। অপরাধ করলে তার বিচার হবে। আইন অনুযায়ী শাস্তি হবে। কিন্তু প্রাণে মেরে ফেলবে কেনো? একটা দেশের সীমান্ত রক্ষী বাহিনী এতো অসভ্য আর পাষাণ হয় কিভাবে? কেনো এতো অসভ্য আর পাষাণ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ? এদের কেনো বিচার করা যায়না? কেনো? 

03 September 2019

ভারতের নাগরিকপঞ্জিঃ আমাদের ভয় পাওয়ার কারণ নয় কি?

ভারতের আসাম রাজ্যের নাগরিকপঞ্জি বা এনআরসি (ন্যাশনাল রেজিষ্টার অব সিটিজেন্স) নিয়ে ভারত সরকার আরেকধাপ এগিয়ে গিয়েছে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে কিছুদিন আগে। সেখানে প্রায় ১৯ লাখ লোক বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে। অর্থাৎ তাঁরা আর ভারতীয় নাগরিক নয়। ভারত সরকার বা আসাম রাজ্য সরকারের ভাষায় তাঁরা বিদেশী। নাগরিকপঞ্জির বিষয়টা ভারতের একান্ত নিজস্ব। এটা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত সরকার বারবার সে কথাই বলেছে। কিন্তু তাতে বাংলাদেশের ভয় না পাওয়ার কোন কারণ নেই। ভয়টা বরং বেশি বাংলাদেশের। কারণ, এই তথাকথিত বিদেশী বিভিন্ন ব্যক্তি বা গোষ্টী কিন্তু বারবার বাংলাদেশের দিকেই আঙুল তুলেছে। সরাসরি বলা হয়েছে এরা বাংলাদেশ থেকেই আসামে অবৈধভাবে গিয়েছে। এখন যদি এদেরকে বাংলাদেশি বলে আমাদের এদেশে ফেরত পাঠানো হয় তাহলে বাংলাদেশের ভয় পাওয়ার কারণ নয় কি?

এই ১৯ লাখের সবাইকে হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হবেনা কারণ এরমধ্যে অনেক হিন্দুও রয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ঝড়টা যাবে মুসলিম জনগোষ্ঠীর উপর দিয়েই। অনুপাতটা যদি ৫০ শতাংশও হয় তাহলে প্রায় ১০ লাখ মানুষকে ঠেলে পাঠানো হবে বাংলাদেশে। হিন্দু জনগোষ্ঠীর ভয়ের কারণ খুব কমই থাকবে। কারণ লোকসভায় এই বছরের জানুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট) বিল পাস হয়েছে। এটা এখন রাজ্যসভায় অনুমোদনের জন্য অপেক্ষমান। পাস হয়ে গেলেই হিন্দুদের জন্য কেল্লাফতে অবস্থা হয়ে যাবে। তখন অন্যান্য দেশ থেকে ভারতে যাওয়া হিন্দুরা নাগরিকত্ব পেয়ে যাবে। যদিও এনআরসির ভাষ্যমতে বঞ্চিতরা পর্যায়ক্রমে ফরেনার্স ট্রাইবুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু সেখানে ক’জনই বা ঠিকবে? কিন্তু বাকিদের অবস্থা কি হবে নাগরিকত্ব প্রমান না করতে পারলে? তাদেরকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মত বের করে দেওয়া হবে না তো?

রোহিঙ্গা ইস্যুর সাথে আসামের বর্তমান ইস্যুর অনেক মিল। রোহিঙ্গাদেরও নাগরিকত্ব বঞ্চিত করা হয়েছিলো মিয়ানমারে অনেক বছর আগে। পরে বাঙালী উপাধি দিয়ে তাদের উপর চলেছে অমানবিক নির্যাতন। যার ফলে কয়েক দশক ধরে রোহিঙ্গারা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বর্তমানে ১০ লাখের উপর রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। আসামের বাঙ্গালীদেরও নিশ্চয় একই অবস্থা হবে এক সময়। রাষ্ট্রহীন হয়ে একসময় তাঁরা নির্যাতিত হবে। তারপর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিবে রোহিঙ্গাদের মতো। সুতরাং ভয়ের কারণ আছে বাংলাদেশের জন্য। আপাত দৃষ্টিতে যেটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলা হচ্ছে তা সবসময় অভ্যন্তরীণ থাকবে না। এর ফল ভোগ করতে হবে আমাদের। এই ছোট দেশে আশ্রয় দিতে হবে আরও দশ লাখের মতো মানুষকে।

কিন্তু, আরেকটা রোহিঙ্গা পরিস্থিতির জন্য কি বাংলাদেশ প্রস্তুত? চিন্তভাবনা করতে হবে এখনই। প্রতিবাদ জানাতে হবে এতো মানুষকে রাষ্ট্রহীন করার প্রক্রিয়ার। জনমত গড়ে তুলতে হবে আন্তর্জাতিক পর্যায়ে।

28 August 2019

রোহিঙ্গা সংকটঃ গলার কাঁটা হয়েই থাকবে বাংলাদেশের জন্য


আমি ঠিক জানিনা আসলে এ সমস্যার সমাধান ঠিক কিভাবে হবে? এটার জন্য বেশ কতোগুলি আন্তর্জাতিক ফ্যাক্ট যেমন দায়ী তেমন দায়ী আমাদের বৈদেশিক নীতির চরম ব্যর্থতা। বার্মিজরা কিরকম জাতিবিদ্বেষী সেটা নতুন করে বলার কিছু নেই। তেমনি নতুন করে বলার কিছু নেই কেন মিয়ানমার তাদের সেখান থেকে তাড়িয়ে দিল। এই সংকটের সময় আমাদের বন্ধুরাষ্ট্র বলে পরিচিত আশেপাশের কোনও দেশই আমাদের পক্ষে কাজ করছে না আজ। কিন্তু কেন এই অবস্থা হল? এর জন্য যেটা তাৎপর্যপূর্ণভাবে দায়ী সেটা হল আওয়ামী সরকারের অতিমাত্রায় ভারত নির্ভরতা। কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভারতকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়েছে।

আমাদের বন্ধুদেশ বলে পরিচিত চীন, জাপান, রাশিয়ার সাথে যদি শুরু থেকে ভালো সম্পর্ক রাখা যেত এবং দেশে তাদের বেশ ভালো রকমের বিনিয়োগ করতে দেয়া যেত তাহলে এই সংকট সমাধানের ক্ষেত্রে আজ তাদের কেউ এরকমভাবে মিয়ানমারের পাশে থাকতো না। যদিও এটাও একটা বড় ফ্যাক্ট যে মিয়ানমার সম্পদশালী দেশ, তাদের ওখানে বিনিয়োগ করলে লাভবান হওয়া যাবে, কিন্তু তার সাথে তার পাশাপাশি এটাও সত্য যে বার্মিজরা চীন, জাপান, রাশিয়া ত বটেই এমনকি ভারতের মতো দেশকেও তাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব দিয়েছে যেটা আমরা সেভাবে দিতে পারিনি। তাছাড়া কূটনৈতিকভাবেও এদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ ভালো রকমের জোরালো রেখেছে বার্মিজরা যেটা আমরা রাখতে পারিনি।

শুধুমাত্র ভারতের সাথে ছাড়া অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এখনো ততোটা ভালো নয়। এর জন্য সরকারী নীতিই সব থেকে দায়ী। অথচ ভারতের রয়েছে অনেক স্বার্থ মিয়ানমারকে নিয়ে। একারণে এই সংকট নিরসনে তারা উল্লেখযোগ্য কোনও ভূমিকাই রাখবে না। সোনাদিয়ায় বন্দর করতে এবং বিনিয়োগ করতে চেয়েছিল চীন। সেটা সরকার আর দেয়নি। দিলে সেটা রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারতো। কারণ চীন চেয়েছে বঙ্গোপসাগরে প্রবেশের পথ। যেটা সোনাদিয়ায় তারা করতে চেয়েছিল সেটা বাংলাদেশ না দিলেও আরাকানের সিত্বেতে মিয়ানমার চীনকে সেটা করতে দিয়েছে। ফলাফল “সব রোহিঙ্গা ওখান থেকে ভাগাও আর ওখানে বিনিয়োগ করো” – এই নীতি চূড়ান্ত অমানবিকভাবে কার্যকর করলো জাতিবিদ্বেষী বার্মিজরা। এখন তারা ওখানে চীন, জাপান এমনকি ভারতকেও বিনিয়োগ করতে দিচ্ছে। যেটা বাংলাদেশ সেভাবে দিতে পারেনি।

এদিকে আবার রাশিয়ার কাছ থেকে নিয়মিতই অস্ত্র কিনছে বার্মিজরা। লাভ হচ্ছে রাশিয়ার। চীন ও জাপানের মতো দেশকে ওখানে বিনিয়োগ করতে দেয়ায় লাভ হচ্ছে তাদেরও। এখন ভারতও সেই লাভের গুড়ে ভাগ বসাতে উদগ্রীব। সোজা কথায় মিয়ানমারকে ঘিরে ঐসব দেশগুলোর যে অর্থনৈতিক স্বার্থ সেটা বাংলাদেশের চেয়ে বেশী। সুতরাং তারা এই সংকটের সময় বার্মিজদের পাশেই আছে। লিভারেজ বলে একটা ব্যাপার আছে কূটনীতিতে। সেটা আমাদের বাংলাদেশের চেয়ে বার্মিজরা ভালো বোঝে। কতটা ব্যর্থ আমাদের বৈদেশিক নীতি সেটা আবারো করুণভাবে ফুটে উঠলো এই রোহিঙ্গা সংকটের সময়। এই সংকট কূটনৈতিকভাবে অতিমাত্রায় ভারত নির্ভরতার অন্যতম ফলাফল। রোহিঙ্গা সংকট গলার কাঁটা হয়েই থাকবে বাংলাদেশের জন্য। গিলতেও পারবে না , উগরাতেও পারবে না।